মুক্তদেশ ডেস্ক: তেহরানের আজাদি স্ট্রিটে অনুষ্ঠিত শোক মিছিলে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পের প্রতিকৃতিতে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন। ছবি: তাসনিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষকৃত্য শোভাযাত্রায় অংশ নেওয়া শোকাহত মানুষের একটি অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভমূলক কর্মসূচি পালন করেছে। শোভাযাত্রায় ট্রাম্পের প্রতিকৃতিতে প্রতীকীভাবে পাথর নিক্ষেপের পাশাপাশি ইংরেজি ও ফারসি ভাষায় লেখা ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’ স্লোগানসংবলিত একটি বড় ব্যানারও প্রদর্শন করা হয়।
ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার তেহরানের আজাদি স্ট্রিটে অনুষ্ঠিত শোক মিছিলে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পের প্রতিকৃতিতে ছোট ছোট পাথর নিক্ষেপ করেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি ইসলামের হজের অন্যতম আনুষ্ঠানিকতা ‘রমি আল-জামারাত’ বা ‘শয়তানকে পাথর নিক্ষেপ’-এর প্রতীকী অনুকরণ, যা অশুভ শক্তিকে প্রত্যাখ্যান করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
একই শোভাযাত্রায় কয়েক মিটার দীর্ঘ একটি ব্যানার বহন করতে দেখা যায়, যাতে ইংরেজি ও ফারসি ভাষায় লেখা ছিল, ‘উই উইল কিল ইউ ট্রাম্প’। ব্যানারটি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর সোমবার রাজধানী তেহরানে তার প্রধান শেষকৃত্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে ভোর থেকেই বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার থেকে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান শুরু হয়। সপ্তাহান্তজুড়ে তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় কোরআন তেলাওয়াত, শোকগাথা পাঠ এবং দোয়া-মাহফিলের মধ্য দিয়ে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানান। রোববার সেখানে খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের জানাজায় দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারাও অংশ নেন।
সোমবারের শোভাযাত্রা শেষে মরদেহ কুম শহরে নেওয়া হয়েছে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)–এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেককে লাল পতাকা বহন করতে দেখা গেছে। তাদের দাবি, খামেনির হত্যার বিচার ও প্রতিশোধের দাবি এখনও বহাল রয়েছে।
