মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিপজ্জনক মাত্রার তাপপ্রবাহে দেশটির স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদ্যাপনের নানা আয়োজনে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল বা স্থগিত করা হয়েছে।
ব্যাহত হওয়া আয়োজনগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই মেলা। ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত মেলাটি শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সে সময় সেখানে তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস)।
এদিকে ন্যাশনাল পার্ক সার্ভিস নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ওয়াশিংটনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বার্ষিক শোভাযাত্রা বাতিল করেছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল।
চলতি সপ্তাহের শুরুতে মিডওয়েস্ট অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এই রেকর্ড তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদেরা বলছেন, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ধরনের উচ্চচাপব্যবস্থা কোনো অঞ্চলের ওপর উত্তপ্ত বায়ুর বিশাল স্তর আটকে রাখে। ফলে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে এবং বাতাসের আর্দ্রতাও বেড়ে যায়।
মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার দেশটির ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতার আওতায় ছিলেন। কয়েকটি অঞ্চলে হিট ইনডেক্স (তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরে অনুভূত তাপমাত্রা) ১১৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি শহরে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বাইরে অবস্থানকারীদের পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে থাকা এবং হিটস্ট্রোক বা গরমজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তীব্র গরমের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহব্যবস্থাতেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড অপারেটর পিজেএম জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচিতে নিবন্ধিত গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার কমানোর অনুরোধ জানিয়েছে। বিদ্যুৎ উৎপাদন ইউনিট বিকল হওয়ার আশঙ্কা, অতিরিক্ত চাপে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এবং শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিজেএম মধ্য আটলান্টিক ও দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিসহ প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে।
নিউইয়র্কের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটিতে গরমের তীব্রতা এতটাই বেড়েছে যে ম্যানহাটানের রাস্তায় হাঁটার সময় অনেকের জুতার তলা নরম হয়ে সড়কের সঙ্গে আটকে যাচ্ছিল।
স্বাধীনতা দিবসের ছুটিতে মার্কিন নাগরিকেরা সাধারণত বারবিকিউ, শোভাযাত্রা ও আতশবাজির মাধ্যমে ১৭৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা উদ্যাপন করেন। তবে এবারের তাপপ্রবাহের কারণে পূর্ব উপকূলজুড়ে অনেক আয়োজনের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে কিংবা সেগুলো বাতিল করা হয়েছে।
ফিলাডেলফিয়ায় প্রচণ্ড গরমের কারণে শহরের প্রধান আকর্ষণ ‘স্যালুট টু ইন্ডিপেনডেন্স প্যারেড’ বাতিল করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যা ১৯০১ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের সমান।
এ ছাড়া নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক স্বাধীনতা দিবসের প্যারেড বাতিল করেছে। নিউইয়র্কের ওয়াটারটাউন শহর কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী স্থগিত করেছে। অন্যদিকে বোস্টনে নদীর তীরে আয়োজিত বার্ষিক আতশবাজি উৎসবে দর্শকদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক সিটিতে তাপপ্রবাহের মধ্যেও পপ তারকা টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। প্রচণ্ড গরম উপেক্ষা করে তাঁরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে জড়ো হন। কারণ, সেখানেই বহুল আলোচিত এই তারকা জুটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে জানা গেছে। অনুষ্ঠানে আগত তারকা অতিথিদের একঝলক দেখার আশায় ভক্তরা দীর্ঘ সময় অপেক্ষা করেন।
