মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও ত্রিশ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজের এক ঘণ্টার বিরতি থাকবে বলে জানা গেছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। এতে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর তাদের ভোটে গঠিত হবে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি।
এদিন ভোটগ্রহণ শুরুর পর প্রথম ভোট দেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। ভোট দিয়ে তিনি বলেন, যে-ই নির্বাচনে জয়লাভ করুক না কেন, তারা যেন বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করেন।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিন সকাল থেকেই এফডিসিতে ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয় প্রাঙ্গণ। যদিও আগে থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে শিবা সানু–জয় চৌধুরী প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
