খেলা ডেস্ক: তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। তার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ডাচরা। নকআউট পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হলো মরক্কো। তিউনিসিয়া প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হার, এরপর জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। আর আজ নেদারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে তিউনিসিয়া।
ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে তিউনিসিয়া। ম্যাচের তৃতীয় মিনিটে এলিস স্খিরির আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় ডাচরা। এরপর সপ্তম মিনিটে ব্রবি নেদারল্যান্ডের দ্বিতীয় গোলটি দেন। এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।
বিরতি থেকে ফিরে অবশ্য এক গোল শোধ দেয় তিউনিসিয়া। ৫৪তম মিনিটে হাজেম মাস্তুরি তাদের হয়ে গোল করেন। তবে তৃতীয় গোল দিতে বেশি দেরি করেনি নেদারল্যান্ডসরা। ৬২তম মিনিটে জান পল ভ্যান হেকে ডাচদের আবারও উল্লাসে মাতান। ফলে আবারও দুই গোলে লিড পেয়ে যায় তারা।
