খেলা ডেস্ক: বিশ্বকাপে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা। সোমবার রাত ১১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। কাগজে-কলমে এটি হাই-ভোল্টেজ ম্যাচ হলেও, মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে খুব বেশি রেষারেষি নেই দল দুটির মধ্যে।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে। সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার।
আবার পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। কারণ ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর জয় পায়নি আলবিসেলেস্তিরা। আর ম্যাচের আগে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে খানিকটা হুংকারও দিয়ে রেখেছে।
অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি।’
তবে অপ্টা সুপার কম্পিউটার কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ। যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা।
দীর্ঘ ৩৬ বছর পর অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের প্রশ্ন- পুরোনো ইতিহাসের আধিপত্য ধরে রেখে অপরাজিত আর্জেন্টিনা কি জয়ে ফিরতে পারবে, নাকি অস্ট্রিয়া দেখাবে নতুন কোনো চমক?
