খেলা ডেস্ক: প্রায় এক মাস ধরে ডান পায়ের পেশির চোটে মাঠের বাইরে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার অবশেষে পুনর্বাসনের পথে বড় একটি ধাপ এগিয়েছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার প্রথমবারের মতো মাঠের পাশে হালকা অনুশীলন ও দৌড়ে অংশ নেন তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, নেইমার তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছেন। নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিল দলের অনুশীলন কেন্দ্রে তাকে মাঠে দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাবেক বার্সেলোনা ও প্যারিসের ক্লাবটির এই ফরোয়ার্ড প্রথমবারের মতো দৌড়ের অনুশীলন করেছেন। পাশাপাশি প্রধান কোচ কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের তত্ত্বাবধানে আলাদা অনুশীলনও করেন তিনি।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান নেইমার। সেই চোট নিয়েই তাকে বিশ্বকাপ দলে রাখা হলেও এরপর আর দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেননি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আগামী শুক্রবার তারা হাইতির মুখোমুখি হবে। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
দলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দ্বিতীয় মাত্রার পেশির চোট থেকে সেরে ওঠা নেইমার সম্প্রতি আবারও চিকিৎসা পরীক্ষা দিয়েছেন। তবে সেই পরীক্ষার ফল এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, দলের চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করতে চান। সে কারণে গ্রুপ পর্বের হাইতি ও স্কটল্যান্ড—দুই ম্যাচই মিস করতে পারেন তিনি।
৩৪ বছর বয়সী নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে খেলেছিলেন। সেবার দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর সামনের গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিস্কাসে গুরুতর চোট পান তিনি।
এরপর থেকে আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি তার। চোট, পুনর্বাসন ও বিশ্রামের কারণে প্রায় ৭০০ দিন মাঠের বাইরে কাটাতে হয়েছে এই তারকাকে।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমার বেঞ্চে থাকলেও খেলার পোশাক পরে মাঠে নামেননি।
এ প্রসঙ্গে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরতে কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘দলে তাকে নেওয়ার পেছনে তার অসাধারণ কারিগরি দক্ষতা অবশ্যই একটি বড় কারণ। তবে আমরা তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য তার অনুপ্রেরণাদায়ক উপস্থিতিকেও সমান গুরুত্ব দিই।’
চোট কাটিয়ে নেইমারের মাঠে ফেরার এই অগ্রগতি ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে। এখন সমর্থকদের অপেক্ষা, কবে আবার দেশের জার্সিতে মাঠে দেখা যাবে তাদের প্রিয় তারকাকে।
