মুক্তদেশ ডেস্ক: ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ এসেছিল প্রতিবেশী ভারত থেকে। চীনও তাদের দেশ সফরের আমন্ত্রণ জানায়। কিন্তু দুটি দেশের কোনোটিতেই যাচ্ছেন না। সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন তারেক রহমান।
২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর যেতে পারেন। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তারেক রহমান।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মালয়েশিয়া সরকার গত সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে কথা চলছে।
সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। সে কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
