মুক্তদেশ ডেস্ক: বরিশালের উজিরপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তাফসির ইসলাম উজিরপুর উপজেলার হস্তিশুন্ডু বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাফসির অন্য এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করছিলেন। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাফসির ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল জানান, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি সহ্য করা হবে না। পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
