মুক্তদেশ ডেস্ক : কখনো পোপ, কখনো যিশুখ্রিষ্ট আবার কখনো রকি বালবোয়া—ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি বিচিত্র সব ‘ডিপফেক’ বা এআই-জেনারেটেড মিম এখন মার্কিন রাজনীতির ডিজিটাল ময়দান দখল করে নিয়েছে। প্রথম দেখায় এগুলোকে নিছক রসিকতা বা সস্তা বিনোদন মনে হতে পারে, কিন্তু বিশ্লেষকদের মতে, এর নেপথ্যে রয়েছে হোয়াইট হাউসের অত্যন্ত সুপরিকল্পিত ও গভীর যোগাযোগ কৌশল।
ট্রাম্পকে নিয়ে ইন্টারনেটে ভেসে বেড়ানো ছবিগুলোতে তাঁকে নানা চরিত্রে দেখা যায়। যেমন; কখনো তিনি হলিউডের জনপ্রিয় সিনেমা অ্যাপোক্যালিপস নাউয়ের কমান্ডো, স্টার ওয়ার্সের ডার্থ ভেডারের মতো লাল লাইটসেবার (একধরনের অস্ত্র) হাতে যোদ্ধা কিংবা অলিম্পিক হকিতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া এক তুখোড় খেলোয়াড়। কখনো তিনি প্রার্থনারত অবস্থায় যিশুর পাশে, আবার কখনো তিনিই যিশু কিংবা আমেরিকার প্রতিষ্ঠাতা হিসেবে স্বাক্ষর করছেন সংবিধানে। একটি ছবিতে তাঁকে মার্কার কলমের বদলে পালকের কলম দিয়ে লিখতে দেখা যায়। ছবিটি মানুষের হাসির খোরাকও জুগিয়েছে।
কিছু ছবিতে তিনি বিরোধীদের ট্রলিংয়ের শিকার হয়েছেন। যেমন; ‘নো কিং’ র্যালিতে বিক্ষোভকারীদের ওপর ‘কিং ট্রাম্প’ যুদ্ধবিমান থেকে মলমূত্র নিক্ষেপ করছেন পাইলট, যেখানে ট্রাম্পকেই দেখানো হয়েছে পাইলট হিসেবে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওয়েস্ট লাফায়েটে অবস্থিত পারডু ইউনিভার্সিটির গবেষক কাইলিন জ্যাকসন শিফের মতে, এ ধরনের কৃত্রিম কনটেন্ট বা ‘সিনথেটিক কনটেন্ট’-কে ভাগ করা যায় চারটি ভাগে।
