মুক্তদেশ ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। একই সঙ্গে মামলাটি ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বদলি করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটিতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। এ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলি করা হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে। পরে গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদেরকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত।
