মুক্তদেশ ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাতে অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে এই বিস্ফোরণ ঘটে। নরওয়ের পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ, বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলার অভিযান চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটি সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কিছু মার্কিন স্থাপনাও এর মধ্যে রয়েছে। অসলো পুলিশের মুখপাত্র মিকায়েল ডেলেমিয়ার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে একটি বিস্ফোরণ মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে।” তিনি জানান, বিস্ফোরণটি দূতাবাস কম্পাউন্ডের কনস্যুলার অংশের প্রবেশপথে ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে পশ্চিম অসলোতে দূতাবাস কম্পাউন্ডের কাছে একটি বিকট শব্দ শোনা যায়। ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থী সেবাস্তিয়ান টোয়েরস্টাড ঘটনার সময় গাড়ি চালিয়ে দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “রাস্তার ওপর ঘন ধোঁয়ার স্তর দেখা যাচ্ছিল।” তিনি আরও জানান, দূতাবাসের প্রবেশপথে কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে। একই সঙ্গে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনাস্থলের আশপাশে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। অসলো পুলিশ ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানায়, “পুলিশ দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি।”
