মুক্তদেশ ডেস্ক:বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি জ্বালানি ট্যাংকেও বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করা হয়েছে।
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে ধারাবাহিক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। আইআরজিসির দাবি, এ হামলায় ২০টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানঘাঁটির প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র ও সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। একইভাবে বাহরাইন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
খবর: বিবিসি
