মুক্তদেশ ডেস্ক: বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরাও কোনো শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া সংসদ কার্যকর ও অর্থবহ হতে পারে না।
এদিকে সকালে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে দলীয়ভাবে জানানো হয়েছে, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তখন এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।”
তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও চলবে।”
