মু্ক্তদেশ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর প্রায় পাঁচ মাস বাকি। আগামী ১১ জুন মেক্সিকোতে শুরু হবে এবারের আসর। এর আগেই বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি বিশ্বকাপ ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে আজ কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফিটি। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন প্রায় পাঁচ কেজি ওজনের ১৮ ক্যারেট স্বর্ণে নির্মিত এই ঐতিহাসিক ট্রফিটি। তবে এবার ঢাকায় খুব বেশি সময় থাকছে না ট্রফিটি। সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ফিফার স্পন্সর কোকাকোলার সহযোগিতায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে প্রদর্শিত হবে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ভাগ্যবান সমর্থকেরা সামনে থেকে দেখার সুযোগ পাবেন ট্রফিটি। এই সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। প্রথমবার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল ২০০২ সালে, যদিও সেটি ছিল প্রতিরূপ (রেপ্লিকা)। এরপর ২০১৩ সালে প্রথমবার আসল ট্রফি ঢাকায় আসে। এবারের সফরটি বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ এনে দিচ্ছে। চলতি বিশ্বভ্রমণ শুরু হয় গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে। বিশ্বকাপ শুরুর আগে ট্রফিটি অন্তত ৩০টি দেশের ৭৫টি শহর ঘুরবে। কোকাকোলার দাবি, গত ২০ বছরে বিশ্বের প্রায় ৪০ লাখ ফুটবল সমর্থকের সামনে এই ট্রফিটি প্রদর্শন করা হয়েছে। ঢাকা সফর শেষে ট্রফিটির পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া।
