মুক্তদেশ ডেস্ক:মোবাইল ফোন ও যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমিয়েছে সরকার। স্মার্টফোন আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে দেশে স্মার্টফোনের দাম গড়ে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা।দেশের বাজারে বর্তমানে দুই ধরনের মোবাইল ফোন পাওয়া যায়। একদিকে বৈধ বা অফিসিয়াল সেট, অন্যদিকে শুল্ক ফাঁকি দিয়ে আনা, নকল কিংবা পুরোনো ফোন সংস্কার করে নতুন হিসেবে বিক্রি করা অবৈধ হ্যান্ডসেট। এসব ‘আনঅফিসিয়াল’ ফোন সাধারণত অফিসিয়াল সেটের তুলনায় অর্ধেক দামে বিক্রি হয় এবং নানা অপরাধমূলক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে।
অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ করতে সরকার চলতি মাসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করেছে। তবে এ ব্যবস্থার বিরোধিতা করে মোবাইল ফোন ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। তারা রাস্তা অবরোধ, দোকান বন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীদের দাবি ছিল, এনইআইআর কার্যকর হলে স্মার্টফোনের দাম বেড়ে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।এই প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও টেলিযোগাযোগ বিভাগ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বৈধ হ্যান্ডসেটের দাম কমাতে শুল্ক ও কর হ্রাসসহ কয়েকটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। গত ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় হ্যান্ডসেটে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত হয়।এর ধারাবাহিকতায় গতকাল মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমানো হয়। ফলে শুল্ক আগের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এনবিআরের মতে, এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।একজন মোবাইল ফোন প্রস্তুত ও আমদানিকারক ব্যবসায়ী জানান, বর্তমানে একটি হ্যান্ডসেটের ওপর সব মিলিয়ে প্রায় ৬১ শতাংশ ভ্যাট ও কর আরোপ রয়েছে। কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমায় মোট ভ্যাট-ট্যাক্সে প্রায় ২০ শতাংশ প্রভাব পড়বে। সে হিসাবে ৪০ হাজার টাকার একটি স্মার্টফোনের দাম প্রায় আট হাজার টাকা কমতে পারে। এনবিআরের হিসাব অনুযায়ী, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত স্মার্টফোনের দাম সর্বোচ্চ পাঁচ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। সংস্থাটির আশা, এতে ব্যবসায়ীরা বৈধ পথে মোবাইল ফোন আমদানিতে উৎসাহিত হবেন এবং বাজারে অবৈধ হ্যান্ডসেটের পরিমাণ কমবে।আমদানির পাশাপাশি দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পেও শুল্ক কমানো হয়েছে। এনবিআর জানিয়েছে, দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে মোবাইল ফোন সংযোজনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ কমবে।এনবিআরের ধারণা, শুল্ক কমানোর ফলে দেশে সংযোজিত ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা পর্যন্ত কমতে পারে। বর্তমানে দেশে মোবাইল ফোন প্রস্তুত ও সংযোজনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯টি।
