মুক্তদেশ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় যে কোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এ আদেশ অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
