বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। দেখা গেছে, সে সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছে। যারা একাত্তরে গণহত্যা ও মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের তো বিবেক বোধ বলে কিছু নেই। পুলিশের ভাষ্য হামলাকারী জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, একটি মহল পাঁচ আগস্টের পর মব কালচার তৈরি করেছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা, এখন যা প্রকাশ হয়েছে। আমরা অবিলম্বে এ ঘৃণ্য হামলার বিচার চাই।
