মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিল চূড়ান্তের প্রস্তুতি চললেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড সুনিশ্চিত হয়নি বলে জানিয়েছে জামায়াত ইসলামী। সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেননি। পারেনি যে, বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা উনাদের সামনে তুলে ধরেছি। এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করবো না। সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে। প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা ও প্রয়োজনীয় রথ বদল করার বিষয়ে। এখন একটা প্রশাসনিক রদবদল হয়েছে। তফসিল ঘোষণার পর আমরা যদি দেখি কর্মকর্তারা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের (ইসির) নোটিসে আনবো। তিনি জানান, ইসি কথা দিয়েছেন, সুনির্দিষ্টভাবে তাদেরকে জানালে তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে। ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আইন-শৃঙ্খলা মাঝে মাঝে খুব গুরুতর অবনতি দেখছি। একটা দলের সভার উপরে অন্য দলের হামলার ঘটনা ঘটছে। নারীরাও গণসংযোগে গিয়ে হামলার শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কী কী আশঙ্কা আছে, কীভাবে তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন—সে বিষয়ে তাদের গৃহীত ব্যবস্থা ও পদক্ষেপগুলো সুনির্দিষ্টভাবে জানার জন্যই মূলত আজকে আমরা এসেছি।
