মুক্তদেশ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধরা হলেন: টুটন (৩৫), শোয়েব (২৫) ও সানজু (২২)। আহতরা সবাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী। এর মধ্যে আহত টুটুল মিয়ার পায়ে ২৫ থেকে ৩০টি শর্টগানের বুলেট ও শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি গুলি লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে লায়ন শাকিলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক শর্টগান নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারীদের ওপর হামলা চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ আহত টুটুল মিয়া জানান, দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামে একজন তাকে গুলি করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে শাকিলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করা হত বলে সে এ কাণ্ড ঘটায়।
আহত শিহাব উদ্দিন জানান, তিনি টুটুল মিয়ার পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। কিছু বুঝে উঠার আগেই টুটুল মিয়াকে গুলি করা হলে তার হাতে ও পায়ে গুলি লাগে।
এদিকে ঘটনা সম্পর্কে দেলোয়ার হোসেন দিলীপ বলেন, আমি সরাইলে ছিলাম। শাকিল কোনো কারণ ছাড়াই আমার অনুসারীদের ওপর হামলা করেছে।
অপরদিকে লায়ন শাকিল অভিযোগ অস্বীকার করে জানান, দিলীপের সঙ্গে ভারতীয় শাড়ির পাওনা নিয়ে বিরোধ চলছিল। তবে গুলির ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন বলে জানান।
