মুক্তদেশ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে।
শনিবার বিকেলে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একথা বলেন।
তারেক রহমান বলেন, অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই।
তিনি বলেন, দেশের এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
