স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবলের ২০২৬ সালের আসরের সময় যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে দর্শকের আগ্রহ। বৈশ্বিক এই আসরের খেলা দেখতে টিকিটের জন্য প্রথম দফায় ৪৫ লাখ মানুষ আবেদন করেছেন বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
বিশ্বকাপের টিকিট কেনার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। তবে দেশভিত্তিক আবেদনকারীর সংখ্যা প্রকাশ করেনি ফিফা। প্রি–সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা।
৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তারা। সব মিলিয়ে ১০৪টি ম্যাচের টিকিট বিক্রি করা হবে।
গ্রুপ পর্বে টিকিটের দাম শুরু হয়েছে মাত্র ৬০ ডলার থেকে। এক ম্যাচের জন্য একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন, আর পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টির বেশি টিকিট কেনা যাবে না। টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ শুরু হবে ২৭ অক্টোবর। এ ছাড়া ফিফা ২ অক্টোবর থেকে একটি আনুষ্ঠানিক টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম চালু করবে।
