মুক্তদেশ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার ও বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। যারা বিরোধিতা করছে, সেগুলো তাদের রাজনৈতিক কৌশল। কোনো দল ভোটে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। পিআর বা গণপরিষদের দাবি কেবল রাজনৈতিক কৌশল, মাঠ গরম করার জন্য কিছু বক্তব্য।’
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছি। এবারের নির্বাচন রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, ‘সাংবিধানিক সংস্কার অবশ্যই ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। সংসদ নির্বাচনের আগে নয়, নির্বাচনের পর সেগুলো বাস্তবায়ন করা যেতে পারে।’
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ‘সবার ঐকমত্যে এ সরকার গঠিত হয়েছে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনর্বহাল হলে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। বর্তমান সরকারের ঘোষিত সময়সীমার মধ্যেই নির্বাচন হবে, অন্যকিছু ভাবার অবকাশ নেই।’
তিনি আরও বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। তবে যারা বাহানা দিয়ে বয়কট করবে, তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।’
