মুক্তদেশ ডেস্ক:
চিনের এক বিজ্ঞানী সম্প্রতি দাবি করেছিলেন, তিনি এমন এক রোবট বানাচ্ছেন, যা মাতৃগর্ভের মতো সন্তানধারণ করতে সক্ষম। এই দাবি ভুয়ো। কিন্তু এর নেপথ্যে যে প্রযুক্তির কথা বলা হয়েছে, তা কি বাস্তবসম্মত?
সন্তানধারণের জন্য নাকি আর রক্তমাংসের ‘মা’ লাগবে না। রোবটই গর্ভে সন্তানধারণ করতে পারবে। রোবটের জঠরে তৈরি হবে ভ্রূণ! সম্প্রতি চিনের এক বিজ্ঞানীর এমন দাবি ঘিরে শোরগোল শুরু হয়েছিল। কিন্তু তা আদৌ সত্য নয়। ঝ্যাং কিফেং নামের ওই বিজ্ঞানী চিনের গুয়াংঝৌয়ের ‘কাইওয়া টেকনোলজি’ নামের যে সংস্থার সিইও হিসাবে নিজের পরিচয় দিয়েছিলেন, যাচাই করে দেখা গিয়েছে, তেমন কোনও সংস্থার অস্তিত্ব নেই। ঝ্যাং দাবি করেছিলেন, তিনি সিঙ্গাপুরের নান্যং টেকনোলজি বিশ্ববিদ্যালয় (এনটিইউ) থেকে পিএইচডি করেছেন। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম লাইভ সায়েন্সের তরফে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কর্তৃপক্ষ এমন কোনও গবেষণার দাবি নাকচ করে দিয়েছেন। ঝ্যাং নামের কেউ ওই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-ও করেননি। ফলে ‘প্রেগন্যান্সি রোবট’ বা সন্তানধারণে সক্ষম কোনও রোবটের অস্তিত্ব নেই বলেই দাবি ওই সংবাদমাধ্যমের।
