মুক্তদেশ ডেস্ক: গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চলছে অনুষ্ঠান।
গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন।
শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা। মঙ্গলবার ঠিক দুপুর ২টা ২৫ মিনিটে শত শত দর্শকদের হাত থেকে উড়ে যায় বেলুনগুলো।
বেলুন হাতে শাহরিয়ার হাসান নামের একজন বলেন, গত বছরের এই দিনে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে হাসিনা পালিয়ে যায় ভারতে। সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতেই এই হেলিকপ্টার বেলুন উড়ানো।
রিয়াদুল বিন রিফাত নামের আরেকজন জানান, ছাত্র-জনতার ভয়ে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হন। তার পালানোর মুহূর্ত স্মরণীয় করে রাখছি আমরা। এ যেন এক অন্যরকম ভালো লাগার মুহূর্ত।
কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ওপর শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের এক পর্যায়ে এ আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। আন্দোলন দমনে সরকার কারফিউ জারি করে।
৫ আগস্ট কারফিউ উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানীমুখী হয় ছাত্র-জনতা। পতন ঘটে টানা দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের। হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা যখন ভারতের পথে, গণভবন তখন জনতা দখলে নেয়।
