মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশে এতবড় গণহত্যা করার পরও ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই, এখনো তারা চক্রান্ত করে চলেছে। আর যারা এ বিচার বিনস্ট করার চেস্টা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার মতো জঘন্য অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি। এর বিচার যারা করবে না, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে।
তিনি বলেন, ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই, এখনো যারা চক্রান্ত করে চলছে। এমনভাবে অকাট্য সাক্ষ্য আমরা রেখে যাব, চাইলেই ভবিষ্যতে কোনো সরকার গণহত্যার বিচারে শৈথিল্য করতে পারবে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং নির্দেশদাতারা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরও বিচার হওয়া উচিত।
তিনি বলেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার হবে এবং ট্রাইব্যুনাল রায় দেবে, কিন্তু তাদের অনেকেই সত্যিকারের বিচারের মুখোমুখি হবেন না—এটা মেনে নেওয়া যায় না। ফলে রায় হলেও অনেক অপরাধী শাস্তির বাইরে থেকে যাবেন। বিচারপ্রক্রিয়ার এই দিকটি নিয়ে ভাবতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত শীর্ষপর্যায়ের একটি বড় অংশের বিচার সম্পন্ন হবে।
