তথ্য প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে ‘বিটচ্যাট’ নামে নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসলেন সোশ্যাল মিডিয়া টুইটারের (বর্তমান এক্স) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিই্ও জ্যাক ডরসি। ব্যতিক্রমধর্মী অ্যাপটি ব্লুটুথ নির্ভর। অ্যাপটি একটি নতুন, বিকেন্দ্রীকৃত ও পিয়ার-টু-পিয়ার মেসেজিং প্লাটফর্ম। এটি সম্পূর্ণ ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। যা ব্যবহারের জন্য কোনো ধরনের ইন্টারনেট সংযোগ, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর বা ই-মেইলের প্রয়োজন নেই।
সংবামাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ৬ জুলাই জ্যাক ডরসি জানিয়েছেন, অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে আগ্রহী ব্যবহারকারীরা ‘টেস্টফ্লাইট’ নামের একটি অ্যাপের মাধ্যমে বিটচ্যাটের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে অ্যাপটির গিটহাবে হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে।
হোয়াইট পেপার হচ্ছে একধরনের ডকুমেন্ট, যেখানে নতুন প্রযুক্তি বা অ্যাপের কাজের প্রক্রিয়া, উদ্দেশ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ বিস্তরভাবে উল্লেখ থাকে। এই ডকুমেন্টের মাধ্যমে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন, কীভাবে কাজ করে অ্যাপটি।
এদিকে বিটচ্যাটকে ব্যক্তিগত গবেষণা হিসেবে বর্ণনা করেছেন জ্যাক ডরসি। এতে ব্লুটুথ মেশ নেটওয়ার্ক, রিলে, ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’ মডেল ও এনক্রিপশন কৌশল নিয়ে কাজ করেছেন তিনি। অ্যাপটি কাছাকাছি থাকা বিভিন্ন ডিভাইসের মধ্যে অস্থায়ী ও এনক্রিপ্ট করা যোগাযোগকে সম্ভব করে ফেলে। এতে অ্যাপ থেকে বার্তা আদান-প্রদান নিরাপদ এবং দীর্ঘসময় ধরে সংরক্ষিত থাকে না।
