ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী কখনো নির্বাচন পেছান বা আগানোর কথা বলেনি বলে মন্তব্য করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নে আজ সোমবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ৫ আগস্ট পরবর্তী কখনো নির্বাচন পেছান বা আগানোর কথা বলেনি। জামায়াতে ইসলামী বলেছে সরকার যখনই নির্বাচন দেবে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামী বলেছে যেনো-তেনো কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতি কখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে না। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স লুটসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।’
গোলাম পারওয়ার আরও বলেন, ‘আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতির জন্য নেতারা মাঠ পরিদর্শনে এসেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বিশাল মঞ্চ থাকবে। প্যান্ডেলের ভেতরে এলইডি প্রজেক্টর থাকবে। সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবস্থা থাকবে। সমাবেশে অংশগ্রহণকারী জনসাধারণের জন্য পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা থাকবে।’
