আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর তাঁর ছেলে এরিক ট্রাম্প বা পরিবারের অন্য কেউ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন এরিক নিজেই, যাঁকে এত দিন রাজনীতি থেকে দূরেই দেখা গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্প অর্গানাইজেশনের এই নির্বাহী সহসভাপতি বলেছেন, তিনি যদি তাঁর বাবার পথ অনুসরণ করে হোয়াইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেই পথ তাঁর জন্য ‘সহজ’ হবে।
ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় সন্তান এরিকের সাক্ষাৎকার আজ শনিবার তুলে ধরেছে দ্য গার্ডিয়ান।
সেখানে তিনি বলেন, ‘মূল প্রশ্ন হচ্ছে, “আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এ কাজে যুক্ত করতে চান? …আমি কি চাই আমার সন্তানেরা গত দশকে আমি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তা তাদেরও হোক।
‘উত্তর যদি ‘‘হ্যাঁ’’ হয়, তাহলে রাজনীতি করার পথটা সহজ হয়। অর্থাৎ আমি মনে করি, আমি এটা করতে পারি। তা ছাড়া আমি মনে করি, আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারে।’
