আন্তর্জাতিক ডেস্ক: আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। রাজধানী তেহরানের বাসিন্দারা সিএনএনকে জানিয়েছেন, রোববার বিকেলে শহরে আবারও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলের একাধিক আবাসিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি আগুনে পুড়ছে।তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালানো হয়েছে। এই হামলায় ডজনখানেক ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এ হামলা চালানো হলো।
বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক গবেষণা ও উন্নয়ন শাখা বলে দাবি করা হয়েছে।
