বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু হিউনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি বিজ্ঞাপনী সংস্থা। অভিনেতার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ২০.৩ কোটি কোরিয়ান ওয়ন; যা প্রায় ১৪ লাখ মার্কিন ডলার এবং বাংলাদেশি টাকায় ১৭ কোটিরও বেশি। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তার সাবেক প্রেমিকা কিম সে রনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের ফলে বিজ্ঞাপনী চুক্তি ভঙ্গ হয়েছে। দীর্ঘ এক দশক ধরে কিম সু হিউনের সঙ্গে যুক্ত ‘কুকু ইলেকট্রনিকস’ নামে হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। সম্প্রতি তারা আদালতে মামলার নথি জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, কিমের ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারি তাদের ব্র্যান্ড ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এর আগেও গত ২ মে তারা ৮.৫ কোটি ওয়ন (প্রায় ৬ লাখ ২৫ হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণের জন্য আদালতে আবেদন করে। তারও আগে, ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটি ১ কোটি ওয়নের সম্পদ বাজেয়াপ্তের আবেদন করে, যার মধ্যে ছিল অভিনেতার ব্যাংক হিসাব ও ঋণের তথ্য। সিউলের পূর্বাঞ্চলীয় জেলা আদালত ২০ মে এই বাজেয়াপ্তের আবেদন অনুমোদন করে।
