মহসীন কবির: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না।
শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত একটি ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকবে। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি বলেন, এপিবিএনের এখন একটা বড় সমস্যা গাড়ি। তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। এ ছাড়া অন্যদের তুলনায় এপিবিএনের থাকার ব্যবস্থা ভালো। তবে থানা পুলিশের আবাসন অবস্থা খুবই খারাপ, তা নিরসনের চেষ্টা করা হচ্ছে।
