আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে। শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
গতকাল রাতে ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
এরপরই হামলা চালাল ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, রাত থেকে ভোর পর্যন্ত ইরান তাদের দিকে ১০০টিরও বেশি আত্মঘাতী ড্রোন ও যুদ্ধ ড্রোন নিক্ষেপ করেছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ইরানের বিভিন্ন প্রদেশ থেকে রাত সাড়ে ১১টার পরপরই ধারাবাহিকভাবে আকাশে ড্রোন উড়ে যায় ইসরায়েলের দিকে। হামলায় শাহেদ সিরিজ সহ উন্নত মানের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
